জোনায়েদ সাকিকে বিজয়ী করতে একজোট বাঞ্ছারামপুরের বিএনপি

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি সমর্থিত জোট প্রার্থী জোনায়েদ সাকির নির্বাচনী পথসভা ও দোয়া মাহফিল আয়োজিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) উপজেলা সদরের মাওলাগঞ্জ মাঠে এ সভা হয়।
এসময় বিএনপির তৃণমূলসহ নেতাকর্মীরা উপস্থিত থেকে আসছে নির্বাচনে জোনায়েদ সাকিকে জোড়ালো সমর্থন দেন। যুগপৎ আন্দোলনের শরীক দল গণসংহতি আন্দোলনের মার্কা মাথালকেই ধানের শীষ মনে করে ভোট দেয়ার আহ্বান জানান তারা। জোনায়েদ সাকিও নির্বাচিত হয়ে বিএনপি নেতাকর্মীদের দীর্ঘ দিনের আন্দোলন সংগ্রামের যথাযথ মূল্যায়ন করবে বলে মত প্রকাশ করেন।
উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এমএ খালেক পিএসসি। বিশেষ অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার ও অ্যাডভোটেক জিয়াউদ্দিন জিয়া।
প্রধান অতিথির বক্তব্যে খালেক পিএসসি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘জোনায়েদ সাকিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই আমাদের হাতে। আমরা পূর্ণ শক্তি নিয়ে আমাদের জোটের এই প্রার্থীকে বিজয়ী করতে হবে। আপনারা যার যার অবস্থান থেকে প্রচারণায় অংশ নিয়ে সাকির পক্ষে কাজ করুন।’
সভায় প্রধান বক্তা হিসেবে জোনায়েদ সাকি বলেন, সাবেক এমপি খালেক পিএসসির আমলের উন্নয়নের ধারাবাহিকতা আমি রক্ষা করবো। বিগত সময়ে বাঞ্ছারামপুরের বিএনপি অনেক নির্যাতিত হয়েছে। তাদের সঙ্গে নিয়ে আগামীর অগ্রযাত্রা হবে আমাদের। এই অঞ্চলের মাটি ও মানুষের পাশে থেকে সর্বদা তাদের অধিকার আদায়ের লড়াইয়ে আমাদের এক হয়ে কাজ করে যেতে হবে।
আগামীর বাঞ্ছারামপুর গঠনে শিক্ষা ও স্বাস্থ্যের উপর গুরুত্বারোপ করেন গণসংহতির এই নেতা।
জোনায়েদ সাকিকে ভোটের মাঠে এগিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করেন অ্যাডভোকেট রফিক সিকদার ও অ্যাডভোটেক জিয়াউদ্দিন জিয়া।
সমাপনী বক্তব্যে মেহেদী হাসান পলাশ নিজেদের অস্তিত্ব ধরে রাখতে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে জোনায়েদ সাকির পক্ষে কাজ করার আহ্বান জানান বিএনপি নেতাকর্মীদের।



