রাধিকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ ছাত্রদল নেতার,

রাধিকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল ২ ছাত্রদল নেতার, আহত একাধিক
ব্রাহ্মণবাড়িয়ায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই ছাত্রদল কর্মী নিহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর উপজেলা সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন।
জানা যায়, জেলার নবীনগর উপজেলার রাধিকা নবীনগর সড়কের নারুই নামক স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাব্বি ও মাহিমকে মৃত ঘোষণা করেন। আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নিহতদের মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রয়েছে। নিহতরা ছাত্রদলের কর্মী বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।
এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থাতে আনা হয়। আহতদেরকে ভর্তি দেয়া হয়েছে। বাকিরা আপাদত শংঙ্কা মুক্ত।