বাঞ্ছারামপুরের বহিষ্কৃত নেতা ইমান আলীকে পুনরায় আগলে নিলো যুবদল
বাঞ্ছারামপুর পৌর যুবদলের আহ্বায়ক ও আলোচিত নেতা ইমান আলীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে দল। বুধবার ( ২২ এপ্রিল) কেন্দ্রীয় যুবদলের সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
ইমান আলীর বহিষ্কারের প্রত্যাহারে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করছে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা। এর মধ্য দিয়ে ইমান আলীর যাত্রা আরও বহুদূর হবে বলে আশা প্রকাশ করছেন তারা। অনেক নেতাকর্মীকে ফেসবুকে পোস্ট দিয়ে স্বাগত জানাতে দেখা যায়।
যুবদলের ভেরিফায়েড পেজ থেকে বহিষ্কার প্রত্যাহার সংক্রান্ত বিজ্ঞপ্তিটি নিজেও শেয়ার দিয়েছেন ইমান আলী। পরে আলহামদুলিল্লাহ বলেও পোস্ট করেন তিনি।
নানা কারণে বাঞ্ছারামপুরে আলোচিত যুবদলের এই নেতা। সব বিষয়ে নিজেরে বলিষ্ঠ মতামত ও স্পষ্ট ভাষায় প্রতিবাদসহ নানাবিধ বক্তব্যের কারণে আলোচিত হয়ে উঠেন এই নেতা। তরুণ প্রজন্মের কাছে অনেকটা প্রিয়ও হয়ে উঠেছেন তিনি।
উল্লেখ্য, দলের সিদ্ধান্ত অনুযায়ী জোটের প্রার্থী জোনায়েদ সাকির পক্ষে বিগত নির্বাচনে কাজ না করে বিদ্রোহী প্রার্থী ড. কামালের পক্ষ অবলম্বন করায় নির্বাচনকালীন সময়ে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে তিনি একাধিকবার লাইভ ও ভিডিও প্রকাশ করে নিজের মত প্রকাশ করতে থাকেন।
