সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

পুত্র সন্তানের আশায় স্বামীর একাধিক বিয়ে, সালিশের পর কীটনাশক খেয়ে জীবন দিলেন মরজিনা

বাঞ্ছারামপুরের হায়দনগরে মরজিনা আক্তার নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে তার স্বামী হুমায়ুন কবির পলাতক রয়েছে বলে জানায় স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, রোববার (১২ এপ্রিল) স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক শেষে তিনি কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

পরামর্শ অনুযায়ী ঢাকায় নেয়ার পথে ফেরিঘাট এলাকায় গেলে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্বজনরা।

স্থানীয় একাধিক সূত্র জানায়, পারিবারিক কলহ ও স্বামী হুমায়ুন কবিরের একাধিক বিয়েকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মরজিনা আক্তারের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চলছিল। অভিযোগ রয়েছে, ছেলে সন্তানের আশায় হুমায়ুন একাধিক বিয়ে করেন। এর আগেও মরজিনাকে আগুন দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছিল।

নিহতের পরিবারের দাবি, বিয়ের আগেও মরজিনার ওপর নির্যাতন ও ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় তার বাবা একটি মামলাও দায়ের করেছিলেন। রোববারের সালিশ বৈঠকে দেড় বছরের সন্তানের জন্য মরজিনাকে ৫ লাখ টাকা দেয়ার প্রস্তাব করা হয়।

স্বজনদের অভিযোগ, ওই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। সালিশে উপস্থিত ছিলেন ফিরিজ মিয়া, বাঞ্ছারামপুর মডেল থানার পুলিশ সদস্য জহির, সাদ্দাম মিয়া, মোহাম্মদ জামাল মিয়া, জোহর আলী, মোছলেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোহাম্মদ ইয়াসিন জানান, সালিশ শেষে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারে ওই নারী কীটনাশক খেয়েছেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Check Also

মার্চে ব্রাহ্মণবাড়িয়ায় ঘটেনি কোনো ছিনতাই-চাঁদাবাজি, মাদক নিয়ে ভয়ংকর তথ্য দিলেন পুলিশ সুপার

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসা প্রতিরোধে মাদক ব্যবসায়ীদের তালিকা করা হচ্ছে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ সুপার শাহ …