কুমিল্লার হোমনায় অটোরিকশা থামিয়ে এক দম্পতিকে আটকে স্বামীকে জিম্মি করে ১৮ বছর বয়সী এক গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৫ এপ্রিল) রাতে হোমনা পৌর এলাকার কৃষি কলেজের অদূরে একটি নির্জন স্থানে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এই ঘটনায় আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। মামলায় ওপারচর গ্রামের আশিকুর রহমানকে (২৪) প্রধান আসামি করে অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দম্পতি হোমনা পৌর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে তারা একটি অটোরিকশাযোগে তিতাস উপজেলায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে কৃষি কলেজ এলাকা পার হওয়ার সময় আশিকুর রহমান ও তার সহযোগীরা দুটি মোটরসাইকেলে এসে গতিরোধ করে তাদের পথ আটকে দেয়। অভিযুক্তরা জোরপূর্বক অটোরিকশাসহ ওই দম্পতিকে একটি নির্জন ইটের রাস্তায় নিয়ে যায় এবং সেখানে স্বামীকে প্রাণনাশের হুমকি দিয়ে দূরে সরিয়ে রেখে আশিকুর রহমান ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করলে ভুক্তভোগীরা রাতেই হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে আশ্রয় নেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. শহিদ উল্লাহ জানান, রাত ৩টার দিকে ওই দম্পতি হাসপাতালে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ আইনি পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভুক্তভোগী নারীর মামলার প্রেক্ষিতে আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস উদ্দিন জানিয়েছেন, অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
সময়ের বাঞ্ছারামপুর