টাকার বান্ডিল দেখিয়ে গণঅধিকার পরিষদ নেতা বললেন, ‘নির্বাচনে ফেল ঠেকাইতে পারবা কেউ?

টাকার বান্ডিল দেখিয়ে বাঞ্ছারামপুরের গণপরিষদের নেতা এসকে শফিক আবারো এসেছেন আলোচনায়। দলের মনোনয়ন না পেয়ে টাকার বান্ডিল দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। সেখানে তাকে বলতে শোনা যায়, ‘আমি পাস করবো না ঠিক আছে, ফেল ঠেকাইতে পারবা কেউ? তার এই ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরেও এসেছে বিষয়টি।
ফেসবুকে টাকার বান্ডিল দেখানোর বিষয়ে এসকে শফিক বলেন, আমার নাকি টাকা নাই, এ জন্য নির্বাচন করতে পারবো না, আমাকে দলের মনোনয়ন দেয়া হয় নাই। এজন্য টাকা আছে কি না দেখাইলাম।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শফিক টাকার বান্ডেল নিয়ে বলছেন, ‘এই টাকা খরচ করবা পোস্টার-ব্যানারে, আরেকটি বান্ডেল হাতে নিয়ে বলেন এই টাকা দিবে সকালে সীসা খাইবা’।
ভিডিওর পর তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় উপজেলায়।
উল্লেখ্য, এসকে শফিক গণঅধিকার পরিষদের হয়ে বিগত নির্বাচনে অংশ নেন। তবে আসছে নির্বাচনে তার আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন মাওলানা আল-আমিন মাহমুদী। এ নিয়ে মশাল মিছিল করেন শফিক।
শফিকের দাবি, বাঞ্ছারামপুরে নুরুল হক নুরকে তিনি পরিচিত করেছেন। নিজের টাকা পয়সা খরচ করে দলের কাজ করেছেন। বেশ কয়েকবার হামলার শিকার হন। এতো কিছু করেও মনোনয়ন পাননি তিনি।
শফিক সাংবাদিক পরিচয়ে আলোচনায় আসেন এলাকায়। বিভিন্ন ইস্যুতে সরব থাকতে দেখা যায়। পরে গণঅধিকার পরিষদের নেতা হিসেবে নিজেকে প্রকাশ করেন।


