৫ দফা দাবিতে বাঞ্ছারামপুরে জামায়াতের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। তাদের ৫ দফা দাবিগুলো হলো
১. PR পদ্ধতির নির্বাচন।
২. জুলাই সনদ বাস্তবায়ন।
৩. গণহত্যার বিচার।
৪. লেভেল প্লেয়িং ফিল্ড।
৫. জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মাদ আবুল বাশার বলেছেন, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আবারও নতুন ফ্যাসিস্ট সরকার প্রতিষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, এ দেশের আপামর জনগণ ১৯৭১ সালে রক্তের বিনিময়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। কিন্তু ১৯৭৫ সালে নতুন স্বৈরশাসক তৈরি হয়। আবার ৯০-এর দশকে এরশাদ সাহেব স্বৈরাচারে পরিণত হন। দীর্ঘ ১৭ বছর শেখ হাসিনা এদেশে মানুষের ওপর জুলুম চালিয়ে স্বৈরাচারে রূপ নিয়েছেন। মানুষের ভোটাধিকারসহ সকল স্বাধীনতা হরণ করেছেন।
বক্তারা অভিযোগ করেন, এ দেশের ছাত্র-জনতা হাসিনার সরকারের জুলুমের বিরুদ্ধে গণআন্দোলন ও প্রতিবাদ করেছে, যেখানে হাজারো ছাত্র-জনতা শহীদ হয়েছেন। পি.আর. পদ্ধতিতে নির্বাচন শুধু জামায়াতে ইসলামী নয়, বরং জনগণের দাবিতে পরিণত হয়েছে।
সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিশের সভাপতি মুফতি আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঞ্ছারামপুর উপজেলা শাখার সেক্রেটারি মো. শামীম নূর ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশের সেক্রেটারি মাওলানা সারোয়ার আলমগীর, মাও: আব্দুল বাছির, মো: সাইদুর রহমান, মো: এনামুল হক, মো: আলী লিটন মিয়া, মো: আবু কাউছার, মো: ফারুক ইসলাম
সঞ্চালনায় ছিলেন মুফতি আলাউদ্দিন সাদি।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

