সময়ের বাঞ্ছারামপুরে নিউজের পর হারানো কানের দুল ফিরে পাচ্ছেন সুমি

বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ বাজারে একটি স্বর্ণের কানের দুল পাওয়া যায় কিছুদিন আগে। এ নিয়ে সৃষ্টি হয় ধোঁয়াশা। কানের দুলটি মালিককে ফিরিয়ে দিতে চেষ্টা চলছিল বেশ কয়েকদিন ধরেই। তবে প্রকৃত মালিককে পাওয়া যাচ্ছিল না। অবশেষে সময়ের বাঞ্ছারামপুরে ৮ ই মার্চ এ নিয়ে সংবাদ প্রকাশের পর পাওয়া গেল প্রকৃত দুলটির আসল মালিকের খোঁজ।
সংবাদ প্রকাশের পর ৮ মার্চ রাতেই সময়ের বাঞ্ছারামপুরের সঙ্গে যোগাযোগ করেন কানের দুল হারানো ব্যক্তি সুমির পরিবার। দেন উপযুক্ত প্রমাণ। তাদের বাড়ি উপজেলার পাঠামারা গ্রামে।
মূলত হারিয়ে যাওয়া একটি দুল পাওয়া গেলেও আরেকটি দুল থেকে যায় সুমির পরিবারের কাছে।
প্রমাণ হিসেবে সময়ের বাঞ্ছারামপুর সেই একই ধরনের দুলের ছবি চায়। তারা সেই দুলের হুবুহু ছবি এবং যে অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে দুলটি হারিয়ে যায় সেই প্রমাণও দিতে সক্ষম হয়। যেখান থেকে এই দুল কেনা হয়েছিল সেই জুয়েলার্সের ঠিকানাও দেয়া হয়। পরিমাপেও দুটি দুল একই হবে বলে নিশ্চিত করেছেন সুমির মা হনুফা বেগম।
হনুফা বেগম মুঠোফোনে সময়ের বাঞ্ছারামপুরকে বলেন, আমার মেয়ে সুমি সপ্তম শ্রেণির শিক্ষার্থী। সে ছলিমাবাদ একটি স্কুলের ছাত্রী। প্রতিনিয়ত সেখান দিয়েই যাতায়ত করেন। কিছুদিন আগে দুলটি হারিয়ে যায়। সব প্রমাণ আমার হাতে রয়েছে। প্রমাণ দিয়েই আমি দুল নিবো।
পরে সুমির সঙ্গেও কথা বলে সময়ের বাঞ্ছারামপুর।
দুলটি প্রমাণ সহকারে নেয়ার জন্য তাদের ছলিমাবাদ বাজারে আসতে বলা হয়। উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাদের হাতে দুল দেয়া হবে।
এই প্রমাণ ও ফিরিয়ে দেয়ার কাজের সমন্বয় করছেন সময়ের বাঞ্ছারামপুরের সাংবাদিক আশরাফুল ইসলাম মারুফ ও ডেইলি নিউজ বাঞ্ছারামপুরের সাংবাদিক রুমন হায়দার।

