ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রান্তিক ও দুস্থ পরিবারের জন্য সরকারের বিশেষ সহায়তা কার্যক্রম ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই সেবামূলক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য সাকি মো. জোনায়েদ আব্দুর রহিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মাহবুব মো. খালেদ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মান্নান মো. আবদুল। এছাড়াও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক জাহান শারমিন আক্তার এবং পুলিশ সুপার রউফ শাহ্ মো. আব্দুর।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য খালেক এম এ (পিএসসি), অ্যাডভোকেট জিয়া উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং সাধারণ সম্পাদক এ কে এম মুসা (ভিপি)।
সরকারের এই পাইলট প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি পরিবারকে একটি করে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে কার্ডধারী মা অথবা পরিবারের নারী প্রধানরা সরাসরি ডিজিটাল পদ্ধতিতে (G2P) মাসিক নির্দিষ্ট হারে আর্থিক সহায়তা পাবেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোড সম্বলিত আধুনিক প্রযুক্তির এই কার্ড ভবিষ্যতে ‘সর্বজনীন সোশ্যাল আইডি কার্ড’ হিসেবে ব্যবহারের পরিকল্পনাও রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এই কার্ড বিতরণের মাধ্যমে উপজেলার কয়েক হাজার নারী-প্রধান ও অসচ্ছল পরিবার সরাসরি উপকৃত হবে। ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ছাড়াই সরকারি সহায়তা সরাসরি উপকারভোগীদের হাতে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে।
এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
সময়ের বাঞ্ছারামপুর