বাঞ্ছারামপুরে বড় ধরণের মাদক উদ্ধার, পুলিশের জালে মাদক কারবারি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিশেষ অভিযানে বিদেশি মদ ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে মোট ২৪ বোতল বিদেশি মদ ও ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে বাঞ্ছারামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি মৃত মঙ্গল মিয়ার ছেলে বিধান মিয়া (৬৫) কে আটক করা হয়।
পুলিশ জানায়, বিধান মিয়ার বাড়ি থেকে ৩৭৫ মিলিলিটারের ১৩ বোতল এবং ৭৫০ মিলিলিটারের দুই প্রকার ১১ বোতল বিদেশি মদসহ মোট ২৪ বোতল মদ এবং ৭ কেজি ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। এসময় অভিযুক্তের ছেলে লিটন মিয়া পালিয়ে যায়।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মরিচাকান্দি চরাঞ্চলে অভিযান চালানো কঠিন হলেও আমরা সফলভাবে একজন আসামিকে গ্রেপ্তার ও মাদক উদ্ধার করতে পেরেছি।”
ওসি আরও জানান, বিধান মিয়া ও তার ছেলে লিটন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
