কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার শোক সহ্য করতে না পেরে শ্রাবন্তী রানী সরকার (১৬) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।
শ্রাবন্তী দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সে বিজ্ঞান বিষয়ে ফেল করে। ফল প্রকাশের পর বিষয়টি জানতে পেরে মানসিকভাবে ভেঙে পড়ে শ্রাবন্তী।
শ্রাবন্তী রানী সরকার দাউদকান্দি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উত্তর সতানন্দী গ্রামের রতন চন্দ্র সরকারের কন্যা।
দাউদকান্দি মডেল থানার এসআই আবুবকর জানান, “খবর পেয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদনে আত্মহত্যার আলামত পাওয়া গেছে।”
এদিকে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। মরদেহ থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
সময়ের বাঞ্ছারামপুর