বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

বাঞ্ছারামপুরে কোরআন প্রতিযোগিতা হয় না বললেই চলে, এবার সাড়া জাগালো ব্লাড ব্যাংক

আশরাফুল ইসলাম মারুফ, বাঞ্ছারামপুর প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সব ধরণের পোগ্রাম দেখা গেলেও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে না। অনেকটাই স্মিমিত ধর্মীয় এই আয়োজন। ইসলামী কোনো দিবস বা রমজানেও বড় পরিসরে হয় না কোনো আয়োজন। এ নিয়ে দুঃখ প্রকাশ করতেও দেখা গেছে অনেককে। কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে না আসায় কোরআনে হাফেজদেরও মূল্যায়ন হয়নি তেমন। তবে এবার উপজেলা পরিসরে আয়োজন করেছে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক। এতে আলেম-ওলামারা এক হন। কোরআন প্রতিযোগিতার এমন আয়োজন সাড়া ফেলেছে পুরো উপজেলায়। সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতেও ছিল এই প্রতিযোগিতা।

এমন আয়োজন করে প্রশংসায় ভাসছেন রক্তদান সংগঠন বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক। রক্ত দিয়ে জীবন বাঁচানোর পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও কোরআনের বাণী ছড়িয়ে দিচ্ছেন তারা।

শুক্রবার (১৩ মার্চ) বাঞ্ছারামপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত প্রতিযোগিরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ২০ জন প্রতিযোগী পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনান।

বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংক আয়োজিত কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন ক্ষুদে প্রতিযোগী মো. সাজিদুল ইসলাম। সে দূর্গারামপুর ইলামিয়া সুলতানিয়া দেলোয়ার আলী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলায়। বাবার নাম বিল্লাল হোসেন।

বিচারকমণ্ডলী তাজবীদ, মাখরাজ ও তেলাওয়াতের সৌন্দর্যের ভিত্তিতে প্রতিযোগীদের মূল্যায়ন করে সেরা তিনজনকে নির্বাচিত করেন।

দ্বিতীয় স্থান অধিকার করেন মো. আশরাফুল ও তৃতীয় স্থান অর্জন করেন আবু রায়হান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান বাবু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিকুল ইসলাম। তিনি বলেন, তরুণ প্রজন্মকে কোরআনের শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রবিউল হাসান ভূঁইয়া, বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. ইয়াছিন, ইসলামি হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রিপন মিয়া এবং বাঞ্ছারামপুর সরকারি এস এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আতিকুর রহমান। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষার্থী ও অভিভাবকসহ বিপুল সংখ্যক মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অধিকারকারীকে ২০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারকারীকে ১০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারকারীকে ৫ হাজার টাকা প্রদান করা হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকেও সম্মাননা পুরস্কার দেয়া হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকলকে নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button