বাঞ্ছারামপুরে বসতঘরে তল্লাশি চালিয়ে ১০ বোতল মদ উদ্ধার, আসামিকে খুঁজছে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর মডেল থানার একটি দল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দশদোনা মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, ওই এলাকার হাজী বাড়ির মো. হাসান মিয়ার টিনশেড বসতঘরে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিকের বাজারের ব্যাগের ভেতর থেকে অবৈধ নেশাজাতীয় ১০ বোতল ভারতীয় মদ (প্রতি বোতল ৭৫০ মিলি) উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মো. হাসান (৪৮) ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি বাঞ্ছারামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দশদোনা মধ্যপাড়া এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে। উদ্ধারকৃত মদ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

