জাতীয়ব্রাহ্মণবাড়িয়া

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক

পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। নতুন আশার আলো নিয়ে ফিরে আসার আশায় দিনরাত খেটে চলেছিলেন। কিন্তু সেই স্বপ্ন আজ পরিণত হয়েছে করুণ বাস্তবতায়—স্বজনদের চোখে অশ্রু আর হৃদয়ে শোকের ভারে।

সৌদি আরবে নির্মাণ কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নজরুল ইসলাম (৩০)। তিনি সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা গ্রামের দক্ষিণ পাড়ার মন মিয়ার ছেলে।

বুধবার (২১ মে) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। কাজ শেষে রাস্তা পার হচ্ছিলেন নজরুল। হঠাৎ পেছন থেকে ছুটে আসা একটি বেপরোয়া প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নজরুল ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। রোদে-ঝড়ে কঠোর পরিশ্রম করে পরিবারে সুখ ফিরিয়ে আনার চেষ্টা করছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস—বিদেশের মাটিতেই থেমে গেল তার সংগ্রামী জীবন।

নজরুলের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার গ্রাম কোড্ডায়। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে আকাশ-বাতাস। মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য পরিবার বারবার আকুতি জানাচ্ছে। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ও প্রশাসনিক জটিলতা সেই প্রক্রিয়াকে করে তুলেছে অত্যন্ত কষ্টসাধ্য।

নজরুলের পরিবার সরকারের সহানুভূতি ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে, যাতে অন্তত প্রিয়জনের মরদেহ ফিরে আসে মায়ের কোলজুড়ে।

Related Articles

Back to top button