কাগজপত্র জটিলতায় একদিনের জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানি বন্ধ

ডেক্স রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে কাগজপত্র সংক্রান্ত জটিলতার কারণে একদিনের জন্য ভারতের আগরতলায় মাছ রপ্তানি বন্ধ ছিল। বুধবার (২১ মে) দিনব্যাপী এ স্থলবন্দর দিয়ে কোনো মাছ রপ্তানি করা সম্ভব হয়নি।
প্রতিদিন এ বন্দর দিয়ে ভারতে প্রায় ৫০-৬০ টন হিমায়িত মাছ রপ্তানি হয়ে থাকে। তবে সমস্যা সমাধান হওয়ায় বৃহস্পতিবার (২২ মে) থেকে পুনরায় মাছ রপ্তানি শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আখাউড়া স্থলবন্দর মাছ রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, বাংলাদেশ ব্যাংকের একটি ছাড়পত্র না পৌঁছানোর কারণে বুধবার মাছ রপ্তানি করা সম্ভব হয়নি। তবে বৃহস্পতিবার থেকে যথারীতি রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
এদিকে গত তিনদিন ধরে বন্দরের ব্যবসায়িক কার্যক্রমে স্থবিরতা বিরাজ করছে। ভারতের পক্ষ থেকে ছয়টি পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের রপ্তানিকারকরা এবং দ্রুত সমাধান চেয়েছেন তারা।
ব্যবসায়ীরা জানান, ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশের তৈরি পোশাক, ফল, ফলের স্বাদযুক্ত পানীয় ও কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতা ও সুতার উপজাত এবং আসবাবপত্র আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এর মধ্যে তৈরি পোশাক ও কাঠের আসবাব বাদে অন্যান্য পণ্য আখাউড়া স্থলবন্দর দিয়ে রপ্তানি হতো। কিন্তু নিষেধাজ্ঞার কারণে রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে ব্যবসায়ীরা বন্দরমুখী পণ্য আনছেন না।
তবে মাছ রপ্তানি এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকায় সেটি সাধারণত স্বাভাবিক থাকলেও কাগজপত্র জটিলতায় এবার তা একদিনের জন্য বন্ধ ছিল।