সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / সপ্তাহ পার হলেও সন্ধান নেই রিয়া মনির, কী বলছে পুলিশ?

সপ্তাহ পার হলেও সন্ধান নেই রিয়া মনির, কী বলছে পুলিশ?

পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন সপ্তম শ্রেণির শিক্ষার্থী ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের রিয়া মনি। ঘটনার সপ্তাহ হতে চললেও এখনও কোনো খোঁজ মিলেনি তার। এদিকে ভয় আর উৎকণ্ঠায় আহাজারি করছেন স্বজনরা।

থানায় অভিযোগ দেয়ার পর তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্বজনরা বলছেন, গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলে আর বাসায় ফিরেনি রিয়া। বন্ধু ও স্বজনদের বাসায় খোঁজ নিয়েও কোথাও মিলেনি তার সন্ধান। পরে থানায় দেয়া হয় অভিযোগ।

রিয়া মনি ভেলানগরের রিপন সরকারের মেয়ে।

রিয়া মনির বাবা রিপন সরকার বলেন, ‘আমার মেয়েটা সেই যে ঘর থেকে বের হইলো আর আইলো না। পরীক্ষা দিতে বের হইছিল। পথের মধ্যে তারে কেউ জোড় কইরা ধইরা নিয়া গেছে দেখছে একজন। এরপর এক সপ্তাহ কাটলেও কোনো খোঁজই পাই নাই। ঘরের মানুষদের নাওয়া-খাওয়া নাই। যতক্ষণ মাইয়ার খোঁজ না পাই শান্তি মিলবো না। প্রশাসনের কাছে এইটাই চাই মাইয়াডা জীবিত আছে নাকি এইটা অন্তত বের করুক।’

রিয়ার দাদি অশ্রুসজল চোখে তাকিয়ে আছেন তার ফেরার অপেক্ষায়। দাবি জানান দ্রুতই যেন খোঁজ দেয়া হয় তার।

স্থানীয় ইউপি সদস্য অরুণ মিয়া বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও রিয়াকে পাওয়া যায়নি। পরে আমি থানায় অভিযোগ করতে বলি। আমাদের চাওয়া দ্রুতই ফিরে আসুক রিয়া মনি।

বিষয়টি নিয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, রিয়া মনি একজন নিখোঁজের খবর পেয়েছি। থানায় অভিযোগ করতে এসেছিল তার স্বজনরা। তবে অপহরণের কোনো তথ্য দিতে না পারায় সাধারণ ডায়েরি করা হয়েছে। তার খোঁজ পেতে তৎপরতা চালানো হচ্ছে।

রূপসদী বৃন্দাবনের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ জমদ্দারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রিয়া পরীক্ষা দিতে স্কুলে আসেনি। পরে পরিবারের পক্ষ থেকে আমাদের নিখোঁজের সংবাদটি দেয়া হয়। বিষয়টি দুঃখজনক।

Check Also

বাঞ্ছারামপুরকে টার্গেট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বিকাশ প্রতারকচক্র, কী বলছেন ওসি?

রেমিট্যান্স আয়ের দিক থেকে দেশের প্রথম সারিতে অবস্থান ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার। প্রতিদিন বিভিন্ন ব্যাংকিং চ্যানেলে …