ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জরিমানার মুখে পড়েছেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠায় ঘটনাটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেখানে আচরণবিধি ভেঙে জনসভা আয়োজনের অভিযোগে রুমিন ফারহানাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, জরিমানার সিদ্ধান্ত ঘোষণার পর রুমিন ফারহানা তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং একপর্যায়ে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে। এতে মুহূর্তেই ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হস্তক্ষেপ করেন। প্রশাসনের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি ও অসৌজন্যমূলক আচরণকে কেন্দ্র করে কিছু সময় এলাকায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে।
এ বিষয়ে প্রশাসন সূত্র জানিয়েছে, পুরো ঘটনার ভিডিও ও প্রত্যক্ষ তথ্য পর্যালোচনা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
সময়ের বাঞ্ছারামপুর