ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের আসাদনগরে ঘটে গেল এক নারকীয় হত্যাকাণ্ড! চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে ফোরকান মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল মেকানিককে শিকলে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনাটি লোকচক্ষুর অন্তরালেই ছিল অনেকটা। তবে এ ঘটনায় পুলিশ তৎপর হয়ে চারজনকে গ্রেপ্তার করেছে।
গত ২৬ ডিসেম্বর রাতে ঘটে এই হত্যাকাণ্ডের ঘটনা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত মোঃ ফোরকান মিয়া (৩৫) বাঞ্ছারামপুর পৌরসভার মাতুর বাড়ীর মোড়ে একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন। গত ২৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোঃ জাহিদুল ইসলাম রবিন (১৯) ও মোঃ খাইরুন ইসলাম ওরফে হৃদয় (২০) তাকে চোর সন্দেহে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
পরে বাঞ্ছারামপুর পৌরসভার আছাদনগর বাজারে মোঃ শফিকুল ইসলাম মালিকানাধীন ‘ভাই ভাই’ নামীয় ভাঙারি দোকানের ভেতরে নিয়ে লোহার শিকল দিয়ে তার হাত-পা বেঁধে রাখা হয়। এরপর স্টিলের এসএস পাইপ, লোহার হাতুড়ি ও অ্যালুমিনিয়ামের গামলা দিয়ে তার হাত, পা ও পিঠে এলোপাতাড়ি মারধর করা হয়।
একপর্যায়ে মারধরের সময় আসামিদের একটি মোবাইল ফোন থেকে নিহতের স্ত্রী শারমিন আক্তারকে ফোন করে চিৎকার শোনানো হয়। মারধরের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে রাত আনুমানিক ১০টার দিকে তাকে একটি রিকশায় করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় নিহতের স্ত্রী শারমিন আক্তার বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাঞ্ছারামপুর মডেল থানার মামলা নং-০৮, তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। পুলিশ জানায়, এ ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
সময়ের বাঞ্ছারামপুর