বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেছেন, বাঞ্ছারামপুরে কোনো নাস্তিকের ঠাঁই হবে না। এই এলাকার ৮৫ ভাগ মানুষই মুসলমান। তারা কোনো নাস্তিককে এখানে মেনে নিবে না।
শনিবার (৮ নভেম্বর) জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মাওলাগঞ্জে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
মেহেদী হাসান পলাশ বলেন, বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাটি। এখানে অন্য কোনো প্রার্থীকে মেনে নিবে না সাধারণ জনগণ। চারদিকে স্লোগান ওঠেছে ধানের শীষের, মানুষ আকাঙ্খা করছে ধানের শীষের প্রার্থীর জন্য।
বিএনপির এই সভাপতি বলেন, দলের হাইকমান্ডের প্রতি আমাদের আহ্বান এখানে ধানের শীষের প্রার্থী দিন। দল থেকে ধানের শীষের যে প্রার্থীকেই মনোনীত করা হবে তার পক্ষেই আমরা একযোগে কাজ করবো।
সমাবেশে সভাপতিত্ব করেন -বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা। সঞ্চালনা করেন – বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম, যুবদলের আহ্বায়ক হারুন অর রশিদ আকাশ ও স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব হাসান।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে মনোনীত করা হয়নি কোনো বিএনপির প্রার্থী। গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে নিয়ে চলছে গুঞ্জন।
ব্রাহ্মণবাড়িয়ার ৬ আসনের মধ্যে ৪টি তে বিএনপির প্রার্থী চূড়ান্ত করা হয়, বাকি দুইটি আসনে ( ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬) এখানে কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি।
সময়ের বাঞ্ছারামপুর