কুমিল্লার হোমনায় বজ্রপাতে একসঙ্গে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হোমনা উপজেলার নালা দক্ষিণ গ্রামের মৃত মতিউর রহমানের মেয়ে মমতাজ বেগম (৩৭), জাকিয়া বেগম (২৩)। তারা সম্পর্কে দুজন সহোদর বোন। অপর ব্যক্তি একই উপজেলার আসাদপুর ইউনিয়নের খোদেদাউদপুর গ্রামের রাহিনুর ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২২)।
নিহত রাশেদুল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
এঘটনায় একজন আহত হয়েছেন বলে জানা যায়। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তার।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম।
তিনি বলেন, হোমনা উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে। ঘটনার সময় ওই ৩ জন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের উজানচর টু কুমিল্লার হোমনা উপজেলার ভবানীপুর খেয়াঘাট পারাপারের জন্য অপেক্ষা করছিলেন।
এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সময়ের বাঞ্ছারামপুর