ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার একটি বিলের পাশ থেকে এক অজ্ঞাত যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুন) সকালে উপজেলার সিমনা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের পত্তন ইউনিয়নের টান মনিপুর এলাকা সংলগ্ন বিলের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে স্থানীয়রা বিলের মধ্যে লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছর বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। মরদেহটি কয়েকদিন আগের হতে পারে এবং তাতে পচন ধরেছে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে এবং হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
সময়ের বাঞ্ছারামপুর