আশরাফুল ইসলাম মারুফ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাঞ্ছারামপুরে দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী যুব সংগঠন ভিলেজ ফাউন্ডেশন। সংগঠনের উদ্যোগে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় নিম্নআয়ের ও কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা স্বাচ্ছন্দ্যে ও সম্মানের সঙ্গে রমজানের ইবাদত পালন করতে পারেন। সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে সহায়তা পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ হানজালা। তিনি বলেন, “আমরা প্রতিবারের ন্যায় এ বছরও আমাদের গ্রামে ইফতার সামগ্রী বিতরণ করতে সক্ষম হয়েছি। সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। অদূর ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে খাদ্য সহায়তা, শিক্ষা উপকরণ বিতরণ ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।”
এছাড়াও উপস্থিত ছিলেন সাকিব, শাহিন এবং গ্রামের বড় থেকে ছোট সকল দায়িত্বশীল সদস্যরা। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতায় কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
২০২১ সালে প্রতিষ্ঠিত ভিলেজ ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী যুব সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, শিক্ষা সহায়তা ও বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও পরিবেশ সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে সংগঠনটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের বিত্তবান ও সচেতন মানুষের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে। একটি মানবিক, সচেতন ও সবুজ সমাজ গঠনে সকলের সম্মিলিত অংশগ্রহণ কামনা করেছেন তারা।
সময়ের বাঞ্ছারামপুর