ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অল্প দিনেই গণসংহতি আন্দোলনের আলোচিত এক নেত্রী হয়ে ওঠেছেন নাদিরা হক নাদিরা। জোনায়েদ সাকির মাথাল নিয়ে বাঞ্ছারামপুরের অলি-গলি চষে বেড়াচ্ছেন তিনি। সাধারণ মানুষের দ্বারে পৌঁছে দিচ্ছেন সংহতি আর ভালোবাসার বার্তা। অল্প দিনেই সবার নজর কেড়েছেন নাদিরা, এলাকায় চলছে গুঞ্জন, আসলে কে এই নাদিরা?
নাদিরা হক নাদিরা উপজেলার ভেলানগরের সন্তান। তার স্বামীর বাড়িও একই গ্রামে। বংশগত ভাবে নাদিরা ভেলানগর বড় বাড়ির মেয়ে। তিনি একজন শিক্ষকও বটে। আগামী স্থানীয় সরকার নির্বাচনে নাদিরা গণসংহতির হয়ে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন বলেও জানা গেছে।
নাদিরার স্বামী আলআমিন একজন প্রতিথযশা শিক্ষক। সামাজিক যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকতে দেখা যায় তাকে। আলআমিন মাস্টার হিসেবে পরিচিত তিনিও গণসংহতি আন্দোলনের সাথে জড়িত।
এরই মধ্যে নাদিরা গণসংযোগ করছেন বিভিন্ন এলাকায়। মাথাল মার্কার পরিচিতি বাড়াতে করছেন কাজ। অনেক মানুষের কাছে প্রিয় হয়ে ওঠেছেন খুব দ্রুত। হাসিমাখা মুখে মানুষকে কাছে টেনে নিয়ে বার্তা দিচ্ছেন জোনায়েদ সাকির।
নাদিরা বলেন, আমি সব সময় খেটে খাওয়া মানুষের পাশে আছি। বাংলার মেহনতি মানুষের পক্ষে সব সময় কাজ করতে চেষ্টা করি। জোনায়েদ সাকি ভাই আমাকে সেই সুযোগ করে দিয়েছেন। ওনার আদর্শ আর কর্মকে বাঞ্ছারামপুরের মাটিতে পৌঁছে দিতেই আমি মাঠে নেমেছি। মাথাল মার্কার জয় হবে ইনশাল্লাহ এই বাঞ্ছারামপুরের মাটিতে।
নাদিরা হক নাদিরা ছোট বেলা থেকেই একজন সামাজিক মানুষ। কাজ করেন মানবতার তরে। তার সাংস্কৃতিক কর্মকাণ্ড আর নেতৃত্ব গুণের কথা এলাকাবাসী সবারই জানা।
স্থানীয়রা বলেন, নাদিরা আপা আমাদের ভরসা। তার কাছে গেলে যেকোনো ধরণের সহযোগিতা পাই। ওনার মাধ্যমেই আমরা আমাদের আগামীর পথ চলার স্বপ্ন দেখি।
সময়ের বাঞ্ছারামপুর