ব্রাহ্মণবাড়িয়ায় উচ্চমাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর মানসিক আঘাত সইতে না পেরে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) পৌরসভার ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায়। নিহত শিক্ষার্থীর নাম চাঁদনী আক্তার (১৮)। তিনি সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের রিকশাচালক মো. ফারুক মিয়ার মেয়ে।
পরিবারের সদস্যদের জানান, চাঁদনী এবছর চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর জানা যায়, তিনি দুটি বিষয়ে ফেল করেছেন। এ খবর শোনার পর হতাশায় পড়ে চাঁদনী কীটনাশক সেবন করেন। দ্রুত পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহতের মামা আতিকুল ইসলাম বলেন, “ফলাফল প্রকাশের পর ফেল করার কথা জানার পর থেকেই চাঁদনী ভেঙে পড়ে। পরে হঠাৎ কীটনাশক খেয়ে ফেলে।”
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে— পরীক্ষায় ব্যর্থতার কষ্ট থেকে মেয়েটি আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের বাঞ্ছারামপুর