কুমিল্লার দেবিদ্বারে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও চারজন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
শনিবার (২১ আগস্ট) বিকেলে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের চরবাকর স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল ওয়াহেদ সরকার (৫৫)। তিনি দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত আব্দুল গণি সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কংশনগর থেকে দেবিদ্বারগামী সিএনজি অটোরিকশাটি চরবাকর এলাকায় পৌঁছালে রাস্তার ওপর হঠাৎ একটি কুকুর চলে আসে। কুকুরটিকে এড়াতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই যাত্রী ওয়াহেদ সরকারের মৃত্যু হয়।
আহতদের মধ্যে সিএনজি চালক আবুল কাশেম (৪০), যাত্রী মো. নাইমসহ আরও দুইজন রয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় চালককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মীরপুর হাইওয়ে থানার ওসি পারভেজ আলী বলেন, “সংঘর্ষের পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”
সময়ের বাঞ্ছারামপুর