বাঞ্ছারামপুরের কালাইনগর গ্রামে ওয়ার্ড বিএনপির নেতা জাকির হোসেনকে হাত-পা বেধে পিটিয়ে কবরস্থানের ভেতর ফেলে রাখার অভিযোগ ওঠেছে। এ ঘটনা জানার পর পুরো এলাকায় বইছে নিন্দার ঝড়। তোলপাড় শুরু হয়েছে বাঞ্ছারামপুরে।
বুধবার উপজেলা বিএনপির উদ্যোগে এ ঘটনার বিচারের দাবিতে উপজেলা সদরে হয় বিক্ষোভ ও মানববন্ধন।
মানববন্ধনে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিচার দাবি করেন বিএনপি নেতারাসহ স্থানীয়রা। বিচারের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে ওঠে উপজেলা সদর। হাজারো নেতাকর্মীরা এমন বর্বরোচিত হামলার বিচার চান। বিক্ষোভে উত্তাল হয় পুরো এলাকা।
এ ঘটনায় জাকির হোসেনের পুত্রবধূ আরজিনা আক্তার বাদী হয়ে শাহ রাহাত আলী হাইস্কুলের শিক্ষক জসীম মাস্টারকে প্রধান করে মোট ৭ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেছেন।
বাঞ্ছারামপুর মডেল থানায় লিখিত অভিযোগ ও আহত জাকির হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে নদীতে মাছ ধরতে গেলে প্রভাবশালী জসীম মাস্টার ও তার দলীয় কিছু কর্মী জাকির হোসেনকে নির্মমভাবে মারধর করে হাত, পা ও মুখ বেঁধে কালাইনগর কবরস্থানের ভেতরে ফেলে রেখে যায়।
পরে সকালে সেখান থেকে তাকে উদ্ধার করে পরিবার ও স্থানীয়রা।
অভিযোগ নিয়ে জসীম মাস্টারের সাথে বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করার পরও তার সাড়া পাওয়া যায়নি।
বাঞ্ছারামপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জানান, তিনি ঘটনার লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত চলছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
সময়ের বাঞ্ছারামপুর