সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / ছেলের প্রেমের জেরে বাঞ্ছারামপুরে মা কে হত্যা

ছেলের প্রেমের জেরে বাঞ্ছারামপুরে মা কে হত্যা

আশরাফুল ইসলাম মারুফ , বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে রাহেলা বেগম (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২৪ মে) রাতে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ভুড়ভুড়িয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাহেলা একই গ্রামের বাসিন্দা ওয়াজেদ মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, নিহতের মুখ ও চোখে স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক তদন্তে এটি একটি হত্যাকাণ্ড বলে মনে করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাহেলা বেগমের একমাত্র ছেলে ইউসুফ মিয়া কয়েক বছর আগে প্রেম করে বিয়ে করলে পরিবারে অশান্তির সূচনা হয়। এরপর স্বামী ওয়াজেদ মিয়া ছেলে ও পুত্রবধূকে বাড়ি ছাড়তে বাধ্য করেন। সেই থেকে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত।

নিহতের ছোট ভাই দানেছ মিয়া অভিযোগ করেন, “ভাগনে প্রেম করে বিয়ের পর থেকেই দুলাভাই আমার আপাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। আমরা নিশ্চিত, তিনিই আমার আপাকে হত্যা করে জমিতে ফেলে রেখেছেন।”

ঘটনার পরপরই পুলিশ নিহতের স্বামী ওয়াজেদ মিয়া ও শাশুড়িকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে।

বাঞ্ছারামপুর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী বলেন, “মরদেহের অবস্থা দেখে এটি হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”

ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, “এই ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। অপরাধী শনাক্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Check Also

বাঞ্ছারামপুরে দালালমুক্ত ভূমি সেবা: সোনারামপুরে সরাসরি কার্যক্রমে স্বস্তি জনমনে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। …