বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়া

সময় টিভির পরিচয়ে আর্থিক প্রতারণার ফাঁদ পেতেছে মাসুদ, সতর্ক থাকার আহ্বান

ঈদকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে প্রতারকচক্র। বাঞ্ছারামপুরেও বেড়েছে এর মাত্রা। গেল কয়েকদিন আগে উপজেলার এক তরুণীর কাছ থেকে বিকাশে ২৫ হাজার টাকা হাতিয়ে নেয় একটি চক্র।

এবার সময় টেলিভিশনের নাম ব্যবহার করে আর্থিক লেনদেন করে প্রতারণা করতে চাইছে মাসুদ নামে পরিচয় দেয়া এক ব্যক্তি! বাঞ্ছারামপুর উপজেলার বেশ কয়েকজনকে স্ক্রিনে দেয়া নম্বর থেকে ফোন করে ব্যাংকের নানান ইস্যুর কথা বলে টাকা হাতিয়ে নিতে চাইছেন এক ব্যক্তি। নিজেকে সময় টিভির সাংবাদিক পরিচয় দিয়ে ফোন দেন তিনি, কখনো নাম বলেন মাসুদ আবার কখনো উপজেলার গণকন্ঠের সাংবাদিক মেহেরের পরিচয়ও দেন।

এক ভুক্তভোগী জানান, ওই ব্যক্তি বিভিন্ন মানুষকে নানা ধরনের সাহায্য বা সহযোগিতা করে দেওয়ার কথা বলেও অর্থ দাবি করছেন। পরে তিনি বিষয়টি যাচাইয়ের জন্য উপজেলার সাংবাদিক মেহের ও সময় টিভির সাব-এডিটর সোহাগ মনির দ্বারস্থ হন।
সময় টিভির কেউ এ ধরণের কর্মকাণ্ড করতে পারে না বলে জানান সোহাগ মনি। এই নামে আর নাম্বারে সময় টিভিতে কেউ নেই বলেও নিশ্চিত করেন তিনি।
সোহাগ মনি বলেন, বিষয়টি জানার পর আমি ঐ নম্বরে ফোন দেই, এ বিষয়ে কথা বলার সঙ্গে সঙ্গে তিনি ফোনটি কেটে দেন। এটি অবশ্যই প্রতারণার একটি ফাঁদ। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

সাংবাদিক মেহেদী হাসান মেহেরও সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং পরিচয় যাচাই ছাড়া কাউকে অর্থ লেনদেন না করার পরামর্শ দিয়েছেন।

অন্যদিকে উপজেলার এক তরুণী ২৫ হাজার টাকা প্রতারণার শিকার হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় জিডি করেছেন। প্রতারকচক্রকে বের করার চেষ্টা করছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও লেনদেনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে থানার পক্ষ থেকে।

Related Articles

Back to top button