সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / বিদেশি ইশারায় দেশ ভাগের ষড়যন্ত্র রুখতে ভোটের ঐক্যের ডাক জোনায়েদ সাকির

বিদেশি ইশারায় দেশ ভাগের ষড়যন্ত্র রুখতে ভোটের ঐক্যের ডাক জোনায়েদ সাকির

জোটের মনোনীত প্রার্থী ও গণসংহতি আন্দোলন বাংলাদেশের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ফ্যাসিস্ট শক্তি দেশকে বিভক্ত করে বিদেশি নেতৃত্বে শাসন কায়েম করতে চেয়েছিল। শনিবার (৭ ফেব্রুয়ারি) বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক একেএম মুসার সঞ্চালনায় জনসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য এম এ খালেক পিএসসি, অ্যাডভোকেট রফিক সিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, সিরাজুল ইসলাম সিরাজ, বেলাল উদ্দিন সরকার, সালেম মূসা, হারুনুর রশিদ আকাশসহ জোটের নেতৃবৃন্দ।

জোনায়েদ সাকি বলেন, আমরা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন চাই। ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি দেশের গণতন্ত্র ও অস্তিত্ব রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা নিজেরা ভোট জালিয়াতি করবো না, কাউকে করতেও দেবো না। ভোট প্রদান শেষে ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রেই অবস্থান করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ১৯৭১ সালে লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। বৈষম্যহীন সমাজ গড়তে তরুণদের ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমাদের সবার।

সাকি আরও বলেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে দেশের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। সারা দেশে প্রবাসী রেমিট্যান্সে বাঞ্ছারামপুর প্রথম স্থানে থাকলেও এখানকার রাস্তাঘাটের অবস্থা এখনো নাজুক। মেঘনা নদীর ওপর সেতু নির্মিত হলে বাঞ্ছারামপুর শিল্প ও বাণিজ্যের বড় কেন্দ্রে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ হবে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের বাংলাদেশ। নারীদের নিরাপত্তা, শিশুদের সুন্দর ভবিষ্যৎ এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করেন তিনি। আগামী ১২ তারিখে মাথাল প্রতীকের বিজয়ের মাধ্যমে জোট সরকার গঠন হলে বাঞ্ছারামপুরের ন্যায্য দাবি আদায় সম্ভব হবে বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি।

Check Also

বাঞ্ছারামপুরে দালালমুক্ত ভূমি সেবা: সোনারামপুরে সরাসরি কার্যক্রমে স্বস্তি জনমনে

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। …