বাঞ্ছারামপুরব্রাহ্মণবাড়িয়ারাজনীতি

আমরা স্বতন্ত্রে বিশ্বাসী নই, জোনায়েদ সাকিকেই সংসদে পাঠাবো: বিএনপি নেতা একেএম মুসা

বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মুসা বলেছেন, আমরা স্বতন্ত্রে বিশ্বাসী নই, আমরা ধানের শীষ না পেলেও প্রত্যকটা নেতাকর্মী জোনায়েদ সাকির হয়ে কাজ করবো।

আমরা বিএনপি ঐক্যবদ্ধ হয়ে জোনায়েদ সাকিকে সংসদে পাঠাবো বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি রাজনৈতিক মাঠে নানান সমীকরণে নিজের এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, বাঞ্ছারামপুরের উন্নয়নের ধারা ধরে রাখবে জোনায়েদ সাকি। তিনি নির্বাচিত হলে আমাদের বিএনপির সব সমস্যা আর সম্ভাবনা দেখভাল করবেন। আমরা জোনায়েদ সাকিকে সংসদে পাঠাবো।

অন্যদিকে বিএনপি থেকে বহিষ্কারকে নির্বাচন করার সুযোগ হিসেবে দেখছেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

সদ্য বহিষ্কৃত এই বিএনপি নেতা বলেন, দল খুব ভালো করেই জানে, বাঞ্ছারামপুর মুসলিম অধ্যুষিত এলাকা। সে কারণে নির্বাচন করার সুযোগ দেয়ার জন্যই আমাদের দুই জনকে বহিষ্কার করেছে। যাতে নির্বাচনটা করতে পারি। দলে থাকলে তো আর নির্বাচন করা যেতো না। এখন আমরা একজনকে স্বতন্ত্র হিসেবে রেখে নির্বাচন করে এই অঞ্চলে ধানের শীষের মানুষদের বিজয়কে ধরে রাখবো।

তিনি বলেন, কেন্দ্র থেকে আমাদের বলা হয়নি জোটের প্রার্থীর পক্ষে কাজ করার। এ নিয়ে কোনো কেন্দ্রীয় নির্দেশনা আমরা কখনো পাইনি।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপি জোটের প্রার্থী করা হয় জোনায়েদ সাকিকে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মনোনয়ন জমা দেয়ায় উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশ ও কেন্দ্রীয় বিএনপির সদস্য এমএ খালেককে বহিষ্কার করা হয় দল থেকে।

Related Articles

Back to top button