হাঁস প্রতীক পেলেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে হাঁস প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে তাকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দের পর উচ্ছ্বাস প্রকাশ করেন রুমিন ফারহানা।
তিনি বলেন, “আমার ভোটার ও কর্মী-সমর্থকেরাই আমার শক্তি। তাদের ভালোবাসায় আমি আজ এই অবস্থানে। আমাকে দেখলে ছোট ছোট শিশুরাও বলে— ‘আমাদের হাঁস মার্কা’। তাই হাঁস প্রতীক শুধু আমার নয়, এটি আমার ভোটারদের প্রতীক।”
তিনি আরও বলেন, “আমি একসময় হাঁস পালন করতাম। তখন হাঁস চুরি হলে আমি চুপ করে থাকিনি— আইনি ব্যবস্থা নিয়েছি। আমার হাঁস প্রতীক নিয়ে কেউ ষড়যন্ত্র করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে জেলায় চূড়ান্তভাবে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।
ইতোমধ্যে দলীয় প্রার্থীরা নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দ অনুযায়ী প্রতীক বুঝে পেয়েছেন।