কুমিল্লা-২ আসনে অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা

তানভীর ইসলাম আলিফ
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়।
শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়। বৈধতার সনদ পাওয়ার পর জেলা রিটার্নিং কার্যালয় থেকে বের হয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির এই প্রার্থী।
এ সময় অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। এটি গণতন্ত্র ও জনগণের বিজয়ের পথে একটি ধাপ। আমি কুমিল্লা-২ এর মানুষের সেবা ও অধিকার আদায়ে কাজ করতে চাই। আশা করি, জনগণ শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের মত প্রকাশের সুযোগ পাবে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থেকেছে। আমি এই এলাকার উন্নয়ন, শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে লড়াই চালিয়ে যাব।
মনোনয়ন বৈধ ঘোষণার খবরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সন্তোষ প্রকাশ করেছেন। কার্যালয়ের বাইরে তারা স্লোগান দিয়ে প্রার্থীকে শুভেচ্ছা জানান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, কুমিল্লা-২ আসনে যাচাই-বাছাইয়ে মোট ১০ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়ন বৈধ ও ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।


